নারায়ণগঞ্জ । শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডোবার পানিতে ভেসে উঠল লাশ, ফতুল্লা জুড়ে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মসজিদ সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ডোবায় লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা বুধবার (৭ জানুয়ারি) লাশটি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ফতুল্লা থানার সাব-ইনস্পেক্টর মোঃ মিলন ফকির ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডোবাটির পানিতে উপুড় হয়ে ভাসছিল লাশটি। কিভাবে এই ডোবায় এই লাশটি এলো তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে এসআই মিলন ফকির সময় নারায়ণগঞ্জকে জানান, “সকাল ১০টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই যে একটি ডোবায় লাশ ভাসছে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। কী কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। পাশাপাশি আশপাশের থানা ও নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করে মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

হঠাৎ এই লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। রহস্যজনক এই মৃত্যুর পেছনের সত্য উদঘাটনে পুলিশের তদন্ত চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >