নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইঁদুর মারার ফাঁদে প্রবাসীর মৃত্যু !

নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রতিবেশীর পাতা ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরুল হুদা (৫১) নামের এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর গ্রামের রিয়াজ নিজের ধানের বীজতলা রক্ষায় ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে পাশেই দুই কেজি ধানের বীজতলা করতে যান প্রবাসী নুরুল হুদা। ওই সময় অসাবধানতাবশত ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের শ্যালক মো. পারভেজ আলম বলেন, ‘আমার ভগ্নিপতি কাতার প্রবাসী ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন। আগামী ১২ ডিসেম্বর তার সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ছিল।’ তিনি জানান, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘নিহতের স্বজনেরা লিখিত অভিযোগ দিচ্ছেন না। একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। চাইলে পরিবার নিয়মিত মামলা করতে পারবে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে ঘটনার পর থেকেই রিয়াজ পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >