নারায়ণগঞ্জ । শুক্রবার
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ট্রাক চাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় জুয়েল মিয়া (৪০) নামে এক দর্জি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোহাম্মদ আরিফুর (২০) নামে আরও একজন। শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পঞ্চবটি মেথর খোলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল মিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভগবানপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার মুসলিম নগরে সালাম আহমেদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং পঞ্চবটি এলাকায় একটি দর্জির দোকানে কাজ করতেন। আহত আরিফুর একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে রাস্তা পারাপারের সময় সেনা কল্যাণ সংস্থার মালামাল (ময়দা ও আটা) বোঝাই দুটি ট্রাকের মাঝখানে পড়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে আহত আরিফুরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দুটি ট্রাক জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত দুই ট্রাকচালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >