১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পতিত আওয়ামী শক্তির পলাতক দল দেশের লুকায়িত দলকে বিপদের মুখে ফেলছে।’
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই। বরং পলাতক দল দেশের লুকায়িত দলকে বিপদের মুখে ফেলছে।’
সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিচ্ছে। তবে কেউ ধ্বংসাত্মক কর্মসূচি পালন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আদালতের রায়ের ওপর নির্ভর করবে।’
এদিকে বুধবারও (২৫ নভেম্বর) গাজীপুরসহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সড়কে নামার বিষয়ে তিনি বলেন, ‘বেতন নির্ধারণের পর যারা আন্দোলন করছেন, তাদের মধ্যে প্রকৃত শ্রমিক জড়িত নন।’




