মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে নিজেরাই চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়েছেন টাঙ্গাইলের সখীপুরের চার সাংবাদিক। স্থানীয় বিএনপি নেতার করা মামলায় তাদের হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার সাংবাদিকরা হলেন- এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। তিনি চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেন।
গ্রেফতার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজারে নজরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগের মীমাংসার খবর সংগ্রহ করতে যান তারা। স্থানীয় মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় ওই ঘটনার মীমাংসা হয়েছে বলে জানতে পারেন। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তাদের কাছে তথ্য আসে।
এ সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান, পাশের একটি বাড়িতে কয়েকজনের মাদক সেবন করছেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন। অভিযোগ, এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যান। সেখানে বাড়ির মালিকের স্ত্রী সাংবাদিকদের এক সহকারীর পকেটে কৌশলে ৮ হাজার টাকা ঢুকিয়ে চলে যান বলে অভিযোগ করেন তারা।

সাংবাদিকদের অভিযোগ, এরপর জাহিদ ২০০ থেকে ৩০০ লোক জড়ো করে তাদের ঘিরে ফেলেন এবং হেনস্তার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
আদালতে নেওয়ার সময় এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদকসেবীরা তাদের ম্যানেজ করার চেষ্টা করেন। রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে মব সৃষ্টি করে ফাঁসানো হয়েছে। তাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ মাদকসেবীরা বাইরে ঘুরে বেড়াচ্ছেন।
মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। তবে মাদক সেবনের অভিযোগে মামলা করা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
সখীপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি—এ প্রশ্নেরও সদুত্তর দিতে পারেননি তিনি।
এদিকে মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা মামলা প্রত্যাহার ও গ্রেফতার সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন




