কক্সবাজার থেকে ঢাকায় আসছিলেন তারা, উদ্ধার ৪ হাজার ৫০০ পিস ইয়াবা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার থেকে ঢাকাগামী পৃথক দুটি বাসে করে ইয়াবা পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযানে অংশ নেন এসআই মোহাম্মদ সফি উদ্দিনসহ পুলিশের একটি দল।
পুলিশ জানায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোছা. ফাতেমা (৪৫) ও মোছা. খালেদা (৩৩) নামে দুই নারীকে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটি থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার ফাতেমা কক্সবাজারের চকরিয়া থানার মাতারবাড়ী মকডিল গ্রামের আ. সাত্তারের স্ত্রী এবং খালেদা একই থানার ইলিশিয়া লালব্রীজ এলাকার নিজাম উদ্দিনের স্ত্রী।

অন্যদিকে, একই চেকপোস্টে ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে আয়াছ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার পেটে ইয়াবা থাকার কথা জানা যায়। পরে বিশেষ প্রক্রিয়ায় তার পায়ুপথ দিয়ে বের করা ১০টি প্যাকেট থেকে আরও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আয়াছ কক্সবাজারের টেকনাফ থানার নোয়াখালীপাড়া এলাকার মৃত ফরিদ উল্যার ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক পাচার ও ব্যবসা প্রতিরোধে এ ধরনের অভিযান ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।







