নারায়ণগঞ্জ সদর উপজেলার বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড তাজা গুলিসহ মোজাম্মেল হক রাজন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ১ নম্বর বাবুরাইলের মোবারকশাহ রোড এলাকায় বায়তুল ওয়াসিত জামে মসজিদের বিপরীতে বণি মিয়ার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই সাদ্দাম মল্লিক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।
অভিযানে রাজনের বসতঘর থেকে ‘MADE IN USA’ খোদাই করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হক রাজন সিরাজ মিয়া ও হালিমা বেগমের ছেলে। তিনি বাবুরাইল ঋষিবাড়ি সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।






