নারায়ণগঞ্জ ।
,

‘জয় বাংলা’ স্লোগানের পর আইভীর আইনজীবীসহ তিনজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর তার আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিতে এসে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পান সাবেক মেয়র আইভী। আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় তাকে ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনকেও স্লোগান দিতে দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতেই আইনজীবী কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল (৬৩), আতিকুল ইসলাম (৫৫) ও মাহবুবুর রহমানকে (৩৬)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. সোহানুল ইসলাম গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনের সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী ও সহযোগীরা গোপন বৈঠক করেন বলে তথ্য পাওয়া যায়। সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারবিরোধী কর্মকাণ্ড এবং মিছিল-স্লোগানের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫৫ মিনিটে ফতুল্লার আল্লামা ইকবাল রোড ও দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল ইসলাম কাজল, আতিকুল ইসলাম ও মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য ও সমর্থক বলে জানা গেছে । তবে এসব অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।

মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ, সম্ভাব্য অস্ত্রের মজুত শনাক্ত, অন্য আসামিদের পরিচয় ও অবস্থান নির্ণয় এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >