রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ছয় লাখ টাকা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মৌসুমী আক্তার (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়ার পোড়াভিটা এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক ও টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার মৌসুমী আক্তার ওই এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মৌসুমী আক্তারের বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন ও নগদ ছয় লাখ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বাদী মো. আকবর হোসেন জানান, মৌসুমী আক্তারের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়ায় মৌসুমী আক্তারের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন ও নগদ টাকা জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।



