চাঁপাইনবাবগঞ্জের একটি লেবু বাগান থেকে ১৭টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মহারাজপুর-মণ্ডলটোলার বাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এসআরবির চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ অক্টোবর একই এলাকা থেকে ১১টি ককটেল উদ্ধার করে পুলিশ।
এএসপি তরিকুল ইসলাম বলেন, বিকেলে খবর আসে, মহারাজপুর-মণ্ডলটোলারি একটি লেবু বাগানে ককটেল মজুদ করা হয়েছে। খবর পাওয়ার পর এসআরবির একটি টিম সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে এসআরবির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসে রাত সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করে। তিনটি বালতিতে মোট ১৭টি ককটেল রাখা ছিল।
তিনি আরও বলেন, ককটেলগুলো কারা কেন রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আতঙ্ক ছড়াতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।




