নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ওয়েস্টেজ কাপড়ের ৩০টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার  দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার বিলাশনগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির, সোহেল ও শ্রমিকরা জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তারা জানান, প্রতিটি গোডাউনে পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন। আগুনে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >