ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দলটির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ তুলেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করছে।’
জুনায়েদ আল হাবিবের দাবি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হলেও নির্বাচনে দলটির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। আরেকটি অংশ দায়সারাভাবে দায়িত্ব পালন করায় কাঙ্ক্ষিত ফল আসেনি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, রুমিন ফারহানা আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের নিজের পক্ষে নিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তার অভিযোগ, নিশ্চিত বিজয়ের কয়েকটি কেন্দ্রে ভোটের দিন এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল।
ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্ম যদি কোনো একক রাজনৈতিক দলের জোটে না থাকার সিদ্ধান্ত নেয়, তাহলে জমিয়ত বিএনপির জোট ছাড়তেও প্রস্তুত রয়েছে।





