নারায়ণগঞ্জ ।
,

২০ দিন পর মিলল অনসূয়ার দেহ, পোশাকের ছোট্ট ট্যাগেই খুলল হত্যার জট

ভারতের বেঙ্গালুরুতে খালি জমি পরিষ্কার করতে গিয়ে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে ২৮ বছর বয়সী ওই নারীকে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সাগর চন্দ্র রাওয়াত (৩২)। তিনি বিহারের বাসিন্দা। নিহতের নাম অনসূয়া বেহেরা (২৮)।

পুলিশের দাবি, প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিলেন সাগর ও অনসূয়া। কয়েক মাস আগে তারা বেঙ্গালুরুতে এসে বসবাস শুরু করেন। সাগর একটি হোটেলে কাজ করতেন, আর অনসূয়া একটি পোশাকের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আর্থিক বিষয় নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত ১১ আগস্ট এমনই এক বিবাদের পর সাগর তার স্ত্রীকে মারধর করেন এবং পরে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ।

হত্যার পরও প্রায় তিন দিন মৃতদেহটি তাদের বাসায় রাখা হয়েছিল বলে পুলিশের দাবি। এরপর একটি চাদরে দেহটি মুড়িয়ে সেটি সাম্পিগেহাল্লি এলাকার একটি খালি জমিতে ফেলে দেয়া হয়।

পুলিশের সন্দেহ, কেউ দেহটি দেখতে পেয়েছে কি না, তা জানার জন্য মরদেহ ফেলে দেয়ার পরও কয়েক দিন ধরে সাগর ওই এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন।

গত ২ সেপ্টেম্বর হত্যার প্রায় ২০ দিন পর খালি জমিটি পরিষ্কার করার সময় শ্রমিকরা মরদেহটি দেখতে পান। ততদিনে দেহটি পচে যাওয়ায় সেটি শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। পুলিশের দাবি, এর মধ্যে পথকুকুর দেহের কিছু অংশ খেয়ে ফেলেছিল।

নিহতের পরিচয় জানতে তদন্তকারীরা মরদেহের কাছ থেকে পাওয়া পোশাকের একটি ট্যাগকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ব্যবহার করেন। ওই ট্যাগের সূত্র ধরে পোশাকটি যে মল থেকে কেনা হয়েছিল, সেখানে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করে। সেখান থেকেই নিহতের পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র মেলে।

তদন্তে পুলিশ জানতে পারে, অনসূয়ার নিখোঁজ হওয়ার পরও তার স্বামী সাগর নিয়মিত হোটেলে কাজে যাচ্ছিলেন। হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পারেন, দম্পতির মধ্যে প্রায়ই বিবাদ হতো।

এরপর সাগরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। সাম্পিগেহাল্লি থানার পুলিশ মরদেহ উদ্ধারের এক সপ্তাহের মধ্যেই সাগরকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পেশ করা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >