নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে লিটন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে একটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে নিহতের পরিচয় লিটন, পিতা—মৃত ইউনুস মিয়া, মাতা—মৃত রওশনারা বেগম, গ্রাম—দেওভোগ পাক্কা রোড (আলম সাহেবের বাড়ির ভাড়াটিয়া), থানা—নারায়ণগঞ্জ সদর, জেলা—নারায়ণগঞ্জ বলে জানা যায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদ এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর বেলা আনুমানিক ১১টা ২২ মিনিটে লিটন নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতালের পেছনে নির্মাণাধীন আব্রাহাম ডেভেলপার কোম্পানির ভবন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।






