নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে বিশেষ অভিযান: ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৯২ জন

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীসহ মোট ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার সাতটি থানা এলাকায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকার মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকার মাদক ব্যবসায়ী ও ডিলার সাগরকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বন্দর থানা এলাকার কুখ্যাত মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া এই পাঁচ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে। পাশাপাশি তাদের মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজুর জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ অভিযানে থানাভিত্তিক গ্রেফতারের চিত্র হলো—

  • সদর মডেল থানা: ১৩ জন মাদকসেবী গ্রেফতার।
  • ফতুল্লা মডেল থানা: ২ জন মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবী গ্রেফতার।
  • বন্দর থানা: ৩ জন মাদক কারবারিসহ ৯ জন মাদকসেবী গ্রেফতার।
  • সিদ্ধিরগঞ্জ থানা: ১৭ জন মাদকসেবী গ্রেফতার।
  • সোনারগাঁও থানা: ২ জন মাদকসেবী গ্রেফতার।
  • আড়াইহাজার থানা: ৪ জন মাদকসেবী গ্রেফতার।
  • রূপগঞ্জ থানা: ৬ জন মাদকসেবী গ্রেফতার।

পুলিশের দাবি, মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, অভিযানে গ্রেফতার ৫ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯২ জনকে আগামীকাল (১০ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >