নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে খেলনা পিস্তলসহ আটক ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে একটি খেলনা পিস্তল (গ্যাস লাইটার)সহ চারজনকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জামপুর ইউনিয়নের মিরেরটেক সিনিয়র ফাজিল মাদ্রাসার পূর্ব পাশে আলমপুরাগামী পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ‘মাইক সেভেন’ ডিউটি পালনকালে ওই এলাকায় একটি অটোরিকশাকে থামার সংকেত দেন। পুলিশের সংকেত অমান্য করে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে অটোরিকশাসহ চারজনকে আটক করেন।


পরে সংবাদ পেয়ে এসআই সেলিমসহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করেন। এ সময় জামপুর ইউনিয়নের কলাপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিনুল মানিক (২০)-এর পরিহিত প্যান্টের ডান কোমর থেকে একটি লোহার তৈরি পিস্তল সদৃশ গ্যাস লাইটার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বস্তুটির রিসিভারের পেছনে ও এক পাশে ইংরেজিতে ‘XINSHI… MADE IN CHINA’ লেখা এবং গোল চিহ্নের মধ্যে ‘GC’ লেখা রয়েছে। এছাড়া এতে ট্রিগার গার্ড, ব্যারেলের সামনের অংশে কালো কস্টেপ এবং গ্রিপারে বিভিন্ন দাগ রয়েছে।


আটক অপর তিনজন হলেন একই এলাকার মৃত হানিফের ছেলে ইমন (১৯), নবী হোসেনের ছেলে আলামিন (১৯) এবং কুমিল্লার চান্দিনা এলাকার বাসিন্দা, বর্তমানে কলাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী আব্দুল ইসলামের ছেলে সাব্বির (২০)।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, ‘উদ্ধারকৃত খেলনা পিস্তল ও অটোরিকশা পুলিশ হেফাজতে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >