নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ঢাকা ইনকামিং অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) চন্দন দে-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় রাজা শেখ ওরফে রাজুকে আটক করে তার হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাজু গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার নুর ইসলাম শেখের ছেলে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।




