বন্দর প্রতিনিধি: বন্দরে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মৎস ব্যবসায়ীকে মারধর করে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজ ফয়সালসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভূক্তভোগী ব্যবসায়ী জনি হাসান ওরফে মরন বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার একরামপুরস্থ কলেজের বিপরীত পাশে গোলাপের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৎস ব্যবসায়ী জনি হাসান ওরফে মরন দীর্ঘ দিন ধরে একরামপুর এলাকায় মাছের ব্যবসা করে আসছে। এ সুবাদে একই এলাকার বাজারের বাসিন্দা ফয়সালসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন বিভিন্ন সময় উল্লেখিত ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল।
এর ধারাবাহিকতা গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে মাছ ব্যবসায়ী একরামপুর বাজারে যাওয়ার পথে কলেজের বিপরীত পাশে গোলাপের দোকানের সামনে আসলে ওই সময় চাঁদাবাজ ফয়সালসহ তার সহযোগিরা উক্ত ব্যবসায়ী পথরোধ করে লাঠি ও এসএস পাইপ দিয়ে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করে নগদ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত জনি হাসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।




