বন্দরে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে রিপা আক্তার (২২)নামে এক গৃহবধূ এবং তার ভাই ও মাকে রাস্তায় ফেলে বেদম মারধর করেছে শ্বশুর বাড়ির লোকজন। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে থানার মিরকুন্ডি তমোদরদি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। আহতের পারিবারিক সূত্র জানায়, বন্দরের ছনখোলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রিপা আক্তারকে পার্শ্ববর্তী মিরকুন্ডি তমোদরদি গ্রামের নূরুজ্জামানের সৌদী প্রবাসী ছেলে ইয়াসিন দীর্ঘ দিন ভালবেসে আসছিল। ভালবাসার এক পর্যায়ে ইয়াসিন বিয়ের প্রলোভনে ফেলে রিপার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে ইয়াসিন সামাজিকভাবে রিপাকে ৩লাখ টাকার কাবিনমূলে বিয়ে করে।
এরই মধ্যে স্ত্রীকে না বলে ইয়াসিন বিদেশ পাড়ি জমায়। কিছু দিন আগে ইয়াসিন বিদেশ থেকে ফিরে তার স্ত্রী’র বাড়িতে আসা-যাওয়া করলেও গত সপ্তাহখনেক ধরে ইয়াসিন তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি সন্দিহান হলে স্ত্রী রিপা তার স্বামীর খোঁজ নেওয়ার জন্য ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় তার শ্বশুরালয়ে গেলে এ সময় তার শ্বশুর নূরুজ্জামান, শাশুড়ী বিউটি আক্তারসহ অন্যান্যরা মিলে রিপাকে বেদম মারধর করে।
রিপাকে উদ্ধারে তার ভাই ও মা এগিয়ে এলে উল্লেখিতরা তাদেরকেও কাঠের ডাসা দিয়ে বেধড়ক পেটায়। পরে উপস্থিত লোকজন আহতদেরকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠায়।




