নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি ফাতেমার বাড়িতে ডিবির অভিযান, গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০টিরও বেশি মামলার আসামি ফাতেমা বেগম ওরফে ফতের বাড়ি থেকে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ডিবি পুলিশের ‘ক’ জোনের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আমলাপাড়া এলাকায় ফাতেমা বেগম ওরফে ফতের বাড়িতে তার ছেলে অনিকসহ কয়েকজন সহযোগী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের দাবি, সেখানে মাদক কেনাবেচা এবং সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রমের পরিকল্পনার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেমার ছেলে অনিকসহ অন্য সহযোগীরা ভবনের দ্বিতীয় তলার ছাদ থেকে দেয়াল টপকে পালিয়ে যায়। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামিরা হলেন অনিক (২৫), তার মা ফাতেমা বেগম ওরফে ফতে (৬০), সুজন (৩৫) এবং অজ্ঞাতনামা আরও ১-২ জন।

এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম (পিপিএম) বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দুটি পৃথক মামলা করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >