নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানা পুলিশের একটি দল। এ সময় বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বন্দুকটি উদ্ধার করা হয়। শাহিন শেখ স্থানীয় ফজলুর রহমান মাস্টারের ছেলে।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



