কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভারতীয় ৫৫টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা। এ ঘটনায় মো. এনামুল হক অন্তর (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এনামুল হক অন্তরের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ফোন রয়েছে।
আটক এনামুল হক অন্তর উপজেলার উত্তর তিলাই বিএসসি পাড়া এলাকার মো. ময়েন আলীর ছেলে।
পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের অবৈধ বেচাকেনা হয়ে আসছিল। রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা সেখানে এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন।
পুলিশের দাবি, সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাই হওয়া মোবাইল একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল।
যৌথ অভিযানে উদ্ধার হওয়া মোবাইলগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



