নারায়ণগঞ্জ ।
,

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নুরে আলম ছিদ্দিকের টিনশেড বাড়ির সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন— শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার পায়াতলী এলাকার সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জ সদর থানার খানপুর কলেজ রোড এলাকার সাহেদ কাদের (২১) এবং জামালপুরের সরিষাবাড়ী থানার নান্দিনা এলাকার মো. সুজন (১৯)। তারা বর্তমানে ফতুল্লার ইসদাইর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, নারায়ণগঞ্জের নেতৃত্বে এসআই (নিঃ) রফিক (বিপিএম) ও সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গঠিত একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেফতার তিনজনের কাছ থেকে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা তৈরি করে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারদের পিসিপিআর যাচাই করে প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >