দায়িত্ব গ্রহণের পর থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদক, ভূমিদস্যুতা ও ভেজালবিরোধী অভিযানের পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাল খনম ও খাল উদ্ধার কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন তিনি। এর মাধ্যমে মাদক কারবারি ও মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার কমতে শুরু করেছে বলে মনে করছেন স্থানীয়রা।
ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছি। জলাবদ্ধতা নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ভাঙ্গাচুড়া, চলাচলের অনুপযোগী রাস্তা সংস্থার করে হচ্ছে। তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষায় আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। মাদক কারবারি ও সেবীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রমও চলছে।
তিনি আরও জানান, ভেজাল পণ্যের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে উপজেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, খাল খনন ও অবৈধ দখলমুক্ত করে খাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।
সদর উপজেলার বাসিন্দা সাহালম বলেন, আগে এলাকায় মাদকের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া ও নুর আলম বলপন, ইউএনও প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তা করে যাচ্ছেন।
সেবা নিতে আসা কয়েকজন জানান, উপজেলা পরিষদে সেবা গ্রহণে আগের তুলনায় স্বচ্ছতা বেড়েছে এবং দালালচক্রের প্রভাব কমেছে।
এ বিষয়ে এস এম ফয়েজ উদ্দিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন কোনো ছাড় দেবে না। মাদক, ভূমিদস্যুতা ও ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।








