সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো।
দলের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।
কর্মসূচিগুলো হলো মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলাওয়াত মাইকযোগে প্রচার ও এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে।
বেলা ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধি চত্বরে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি. এম) কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
জেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রচার ও হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণ প্রচার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।








