নারায়ণগঞ্জ ।
,

রথযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে জেলা পুলিশ: পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী
রথযাত্রা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে আসন্ন রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় রথযাত্রা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”

তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

আলোচনা সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা রথযাত্রা উপলক্ষে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইসকন-এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >