নারায়ণগঞ্জ ।
,

ভরণপোষণ না দিয়ে মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ, প্রকৌশলী ছেলে কারাগারে

বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেওয়া এবং তার নামে থাকা জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) মামলাটির বাদী।

রাশেদা বেগম অভিযোগ করেন, তার একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব পালন করেননি। পাশাপাশি তার নামে থাকা জমি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে রাশেদুল ইসলাম জাকির এবং পুত্রবধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতি (৩৫)-এর বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর ৫(১) ও ৫(২) ধারায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে রাশেদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >