ফরিদা পারভীন মেঘলা : গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) রাত ১০টা ৫ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজার সংলগ্ন দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে একটি বটগাছের সামনে ফাঁকা স্থানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হক-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরী-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে মো. এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার মো. একরামুল হকের ছেলে মো. এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের দেহ তল্লাশি ও হেফাজত থেকে মোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।






