নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র গরম সামলাতে কুলিং ভেস্ট ব্যবহার করছে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনার পর এবার প্রচণ্ড গরম সামলাতে ভিন্ন এক পদ্ধতির আশ্রয় নিয়েছে দলটি।

বুধবার ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত অনুশীলনে খেলোয়াড়দের জন্য ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত বিশেষ ‘কুলিং ভেস্ট’ ব্যবহার করা হয়েছে। আর্জেন্টিনা দলের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সরবরাহকৃত এই বিশেষ ভেস্টে একাধিক পকেট থাকে, যেখানে শীতলীকরণ জেল রাখা হয়।

এই জেল শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে খেলোয়াড়দের সতেজ হতে সাহায্য করে। ভেস্টের পাশাপাশি পায়ের তাপমাত্রা কম রাখতে একই উদ্দেশ্যে তাপ নিয়ন্ত্রণকারী বিশেষ বুটও ব্যবহার করেছেন ফুটবলাররা। ফুটবলে এই প্রযুক্তিটি তুলনামূলক নতুন হলেও ফর্মুলা ওয়ানে এর ব্যবহার বহুদিনের। বিশেষ করে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কাতারের মতো অতিরিক্ত গরমের সার্কিটগুলোতে চালকেরা নিয়মিত এই ভেস্ট পরে থাকেন।

চলতি টুর্নামেন্ট শুরুর পর থেকেই স্পেন দলও একই প্রযুক্তি ব্যবহার করছে। স্পেনের জাতীয় দলের ফিটনেস কোচ কার্লোস ক্রুজ জানিয়েছেন, এই কুলিং ভেস্ট প্রযুক্তি খেলোয়াড়দের ক্লান্তি কমাতে এবং দ্রুত কার্যক্ষমতা ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকর। বর্তমানে অনুশীলনের পর এটি ব্যবহার করা হচ্ছে। তবে ওয়ার্ম-আপ শেষে বা ম্যাচ শুরুর মধ্যবর্তী সময়েও এটি ব্যবহার করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন, যা খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা কমিয়ে আরও সতেজ অনুভব করতে সাহায্য করে।

উড়ন্ত সূচনার পর আর্জেন্টিনার পরবর্তী লক্ষ্য এখন অস্ট্রিয়া। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে নিজেদের পরবর্তী ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা দল।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >