নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

ছবিঃ সংগৃহীত

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ জানান, আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময় জাহের আলভী নেপালে অবস্থান করছিলেন।

ঘটনার দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এতে জাহের আলভীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইভনাথ খান ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >