নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বিতর্ক উৎসব ২০২৬ শুরু

নারায়ণগঞ্জে ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে আটদিনব্যাপী বিতর্ক উৎসব ও প্রতিযোগিতা। সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্কবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপের কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিতর্কের মৌলিক কাঠামো, যুক্তি উপস্থাপনের কৌশল এবং কার্যকর যুক্তি বিন্যাস সম্পর্কে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এটি শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; বরং পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ বিকাশের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলার একটি কার্যকর উদ্যোগ।

সভাপতির বক্তব্যে মো. রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশে জেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক সেমিনার, সপ্তাহে একদিন ইংরেজিতে কথা বলার উদ্যোগ, বইপড়া প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতা।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের ২৮টি এবং প্রাথমিক পর্যায়ের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে ৬০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং তাদের সহযোগিতায় রয়েছেন ৬০ জন শিক্ষক।

আগামী ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ সদরের কমর আলী উচ্চ বিদ্যালয় এবং উপজেলা পরিষদ ভবনসহ দুটি ভেন্যুতে একযোগে বিতর্ক প্রতিযোগিতা চলবে। মোট আটটি কক্ষে ৬০টি বিতর্ক আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এসএম ফয়েজ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >