নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জ খেয়াঘাটে ওয়াকওয়ে দখল করে জেটি নির্মাণের অভিযোগ

নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাটে সাধারণ মানুষের চলাচলের জন্য নির্ধারিত ওয়াকওয়ে দখল করে জেটির সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পরিবেশগত ও জননিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করেই এ কাজ করা হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ এই ওয়াকওয়ে ব্যবহার করে নিরাপদে চলাচল করেন। কিন্তু সেখানে মাত্র ৪ ফুট প্রশস্ত পথ অবশিষ্ট রাখা হলে পথচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, নবীগঞ্জ জেটি সংলগ্ন ওয়াকওয়ের একটি অংশে নতুন করে সংযোগ সড়ক নির্মাণের প্রস্তুতি চলছে। এ কারণে ওয়াকওয়ের স্বাভাবিক ব্যবহার ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয় এবং খেয়াঘাটের ইজারাদারের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, জনস্বার্থ ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কার্যক্রম পুনর্বিবেচনা করা হোক। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >