নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার বাসিন্দা দেলোয়ারের ছেলে মো. রাশেদুজ্জামান (২২), নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরামের ছেলে মো. গালিব (১৮) এবং আকরামের মেয়ে মোসা. সুরাইয়া (১২)। তারা বর্তমানে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩ টা থেকে ৪টার দিকে রাশেদুজ্জামান, তার শ্যালক গালিব ও শ্যালিকা সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।প্রায় দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে সুরাইয়ার মরদেহও উদ্ধার করেন ডুবুরিরা।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গালিব তার বাবা আকরামের সঙ্গে ভ্যানে করে সবজি বিক্রি করতেন। রাশেদুজ্জামান ছিলেন আকরামের মেয়ের স্বামী। তিনি সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জে এসেছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনজনই সাঁতার জানতেন। তারপরও কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে মিরন মিয়া বলেন, “ডিএনডি লেকে তিনজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। প্রায় দুই ঘণ্টার তল্লাশি শেষে তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”ঘটনার পর নিহতদের স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







