নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ হিসেবে ‘পিংক বাস’ চালুর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তাদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থাও আরও বিস্তৃত করা হচ্ছে।
তিনি জানান, নারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে সম্পূর্ণ নারী-পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এই ঘোষণার সময় সংসদে উপস্থিত নারী সংসদ সদস্যরা হাততালির মাধ্যমে বিষয়টিকে স্বাগত জানান।
সরকারের এ উদ্যোগ নারীদের চলাচলে নিরাপত্তা বাড়াবে এবং কর্মক্ষেত্রে তাদের অংশগ্রহণ আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।





