নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, নেশাজাতীয় সিরাপ, ইয়াবা ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) রাত থেকে বুধবার (১০ জুন) ভোর পর্যন্ত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন রানা ও বাবু লাল, বরপা এলাকার আকাশ, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ফরহাদ হোসেন ও রনি এবং কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পৃথক অভিযানে গোলাকান্দাইল এলাকা থেকে ৮৫ বোতল বিদেশি মদসহ মকবুল হোসেন রানাকে এবং ৫০০ গ্রাম গাঁজাসহ বাবু লালকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বরপা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফেনসিডিলসহ আকাশকে আটক করা হয়।

তিনি আরও জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেনকে এবং বিপুল পরিমাণ গাঁজাসহ রনিকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে কায়েতপাড়া দক্ষিণপাড়া এলাকা থেকে ১৬ পিস ইয়াবাসহ দিল মোহাম্মদ দিলুকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

ওসি সালাউদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >