নারায়ণগঞ্জ । মঙ্গলবার
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ৭ জুন রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক টিম সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রথম অভিযানে রাত ৮টা ৪৫ মিনিটে মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় অভিযান চালিয়ে রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২) ও আরিফ হোসেন (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে অভিযান চালিয়ে মিলন হোসেন (২৫) ও শান্ত (২৫) নামে আরও দুজনকে আটক করা হয়।

একই রাতে সাহেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে শ্রাবন্তী (২১) নামে এক নারীকে এবং উত্তর আজিবপুরে হাবিব উল্ল্যাহ বাহার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আবু তাহের বেংগা (৩৫) নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তারকৃত রোস্তম আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বে পাঁচটি মাদক মামলা এবং অপহরণ ও ধর্ষণের একটি মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >