নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে ৩ জুন ২০২৬ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বৈদ্যের বাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া (নতুন গ্রাম) এলাকায় মনির হোসেনের মুদির দোকানের সামনে ঢালাই রাস্তা থেকে মো. সাগর বাদশা (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা জেলার মেঘনা থানার চালিবাংগা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক ওজন ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।







