রাজধানীর ডেমরা এলাকার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় আকস্মিক বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ রবিবার (৩১ মে) সকাল সাড়ে সাতটার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকার ‘জেডএসআরএম’ স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। তারা সবাই ওই মিলের নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
কারখানার সহকর্মীরা জানান, সকালে স্টিল মিলের বয়লার মেশিনে লোহা গলানোর কাজ চলছিল। ওই সময় কারিগরি গোলযোগের কারণে হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়লে কাছাকাছি কাজ করতে থাকা তিন শ্রমিক দগ্ধ হন। পরে কারখানার অন্য কর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে মাজেদ হোসেনের শরীরের ১ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে। তবে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ এবং তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের অবস্থা বিবেচনা করে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।





