নারায়ণগঞ্জ । সোমবার
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের পশুর হাট ও মহাসড়কে কঠোর অবস্থানে র‍্যাব

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট, মহাসড়ক ও নগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে থাকবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

রোববার (২৪ মে) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইলসহ কয়েকটি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এ কথা বলেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিপিসি-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ।

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে মানুষের চলাচল, পশু পরিবহন ও কেনাবেচার সময় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমাদের টহল টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে। মহাসড়ক, সড়কপথ এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে।

তিনি আরও বলেন, “সাদা পোশাকে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন এবং সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া ব্যাটালিয়নের বিশেষ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা যায়। ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জবাসী যাতে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ঈদের আগের সময়ের পাশাপাশি ঈদের পরবর্তী সময়েও র‍্যাবের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের মানুষকে শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে র‍্যাব-১১ এর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >