নারায়ণগঞ্জ । রবিবার
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ও নগদ টাকা লুট; থানায় মামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ইসলামী টেলিভিশন’-এর রূপগঞ্জ প্রতিনিধি আল আমিন (৩২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা তাকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালে আহত সাংবাদিক আল আমিন মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিপ্লব, সাইফুল, জুয়েল, দিপু, অমিত, আরিফসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।

এজাহার সূত্রে জানা গেছে, আল আমিন রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী গ্রামের মো. জয়নালের ছেলে। গত ১৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সংবাদ সংগ্রহের কাজ শেষে তিনি তার ব্যক্তিগত টিভিএস ফোর-ভি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বানিয়াদী খালপাড় পাকা সড়কে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন বানিয়াদী গ্রামের মোসলেমের ছেলে বিপ্লব (৩৫), মছিমপুর গ্রামের রেজাহির ছেলে সাইফুল (৪০), বানিয়াদী গ্রামের লেয়াজ উদ্দিনের ছেলে জুয়েল (৪০), হযরত আলীর ছেলে দিপু (৩৫), ভূট্টোর ছেলে অমিত (২৮) এবং তাইজুদ্দিনের ছেলে আরিফ (২৬)। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০/১২ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, হামলাকারীরা রামদা, চাপাতি, লোহার রড ও হকিস্টিক দিয়ে আল আমিনের পথরোধ করে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর শুরু করে। এতে তার হাত, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত বিপ্লব পিস্তল ঠেকিয়ে তাকে জিম্মি করে রাখে বলেও অভিযোগ করা হয়েছে।

এ সময় অপর এক আসামি আল আমিনের পকেটে মাদকদ্রব্য ঢুকিয়ে ভিডিও ধারণ করে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিকের প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল এবং পকেটে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় মামলা করলে প্রাণনাশ ও বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী সাংবাদিক আল আমিন বলেন, “মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও তথ্য সংগ্রহের কারণে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে হত্যার চেষ্টা করা হয় এবং আমার মোটরসাইকেল ও নগদ টাকা লুট করা হয়।”

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার এবং লুট হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >