নারায়ণগঞ্জ । শনিবার
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে গাঁজা ও হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে ২০২৬ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার উত্তর আজিবপুর এলাকার আজিবপুর বাগান বাড়িস্থ মো. আনোয়ার হোসনের পার্টি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। পরে একই রাতে আনুমানিক ১১টা ৫ মিনিটে ৪নং ওয়ার্ডের হাউজিং আবাসিক প্রকল্পের ৯নং গলির মাথায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতাররা হলো— মো. পারভেজ (৩০), পিতা-মোফাজ্জল, মাতা-পারুল বেগম, সাং-আইয়ুবনগর, থানা-সিদ্ধিরগঞ্জ এবং মো. সোহেল (৩০), পিতা-মোক্তার হোসেন, মাতা-শাহিনুর বেগম, স্থায়ী ঠিকানা আটি এলাকা, বর্তমানে আউলাবন বাগান বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।

তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা ও ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকার মাধ্যমে আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >