নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১২ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া বিহারী কলোনী বালুর মাঠ এলাকায় এবং রাত ১১টা ৪০ মিনিটে ৫নং ওয়ার্ডের দক্ষিণ আজিবপুর (মটবাড়ী) এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতার করা হয় দক্ষিণ আজিবপুর এলাকার মোঃ মুছা (৩৫) ও সুমিলপাড়া বিহারী কলোনীর মোঃ শ্যামলকে (২৭)। পরে তাদের দেহ তল্লাশি করে ৫২ পুরিয়া হেরোইন ও ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মুছার বিরুদ্ধে পূর্বে ৪টি এবং শ্যামলের বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।







