নারায়ণগঞ্জ ।
,

বন্দরে পাষান্ড জামাতার বিরুদ্ধে শ্বাশুড়ি অভিযোগ

বন্দর প্রতিনিধি:  বন্দরে মেয়েকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়াসহ  গচ্ছিত  স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ এনে জামাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে  ভূক্তভোগী বৃদ্ধা শ্বাশুড়ি  সেতেরা বেগম। রোববার (৪ মে) দুপুরে তিনি উল্লেখিত দপ্তরে এ অভিযোগ দায়ের করেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


অভিযোগকারী সেতারা বেগম (৬৬) বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি জানান, প্রায় ১৫ বছর আগে তাঁর মেয়ে ফাতেমা আক্তার নিলার সঙ্গে মো. পলাশ নামের এক ব্যক্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতনের মধ্যে জীবনযাপন করতে হয়েছে তার। পারিবারিক অশান্তি ও নির্যাতনের কারণে তাঁর মেয়ে প্রায়ই বাবার বাড়িতে অবস্থান করতেন।

তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছর আগে পলাশ আরেকটি বিয়ে করেন এবং এরপর থেকে নিলার প্রতি অবহেলা আরও বাড়তে থাকে। লিখিত অভিযোগে বলা হয়, গত বছরের নভেম্বর মাসে পারিবারিক বিরোধের পর নিলা কিছুদিন মায়ের বাসায় ছিলেন। পরে স্বামী তাঁকে বাড়িতে নিয়ে যান।

এরপর তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা না দিয়ে ঘরেই কয়েক দিন চিকিৎসা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সেতারা বেগম দাবি করেন, তাঁর মেয়ের কাছে গচ্ছিত থাকা প্রায় ৭ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার এখনো ফেরত দেওয়া হয়নি।

তিনি অভিযোগ করেন, স্বর্ণালঙ্কার ফেরত চাইলে বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।
আমার মেয়ের জীবনে কোনো শান্তি ছিল না। আমি বিশ্বাস করি, সুষ্ঠু তদন্ত হলে সব সত্য বেরিয়ে আসবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পরিবারটিতে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল বলে তাঁরা শুনেছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পলাশের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >