কক্সবাজারের চকরিয়ায় আট বছরের শিশুকে নাস্তার প্রলোভনে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন।
গ্রেপ্তার কামাল উদ্দিন (৫৬) চকরিয়া উপজেলার কাকরা ইউনিয়নের মিনিবাজার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী আট বছর বয়সী মেয়ে শিশুটির বাড়ীও একই এলাকায়।
ভুক্তভোগী শিশুর স্বজনদের অভিযোগের বরাতে মনির হোসেন বলেন, ভুক্তভোগী শিশুর বাড়ী একই এলাকায় হওয়ার সুবাধে কামাল উদ্দিনের পূর্ব পরিচিত ছিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে কামাল নাস্তা কিনে দেবার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। পরে সে বাড়ীর পাশে তামাক চুল্লির ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটি বাড়ী ফিরে আসার পর অসুস্থতা বোধ করলে ঘটনাটি মাকে খুলে বলে। পরে তাকে স্বজনরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ওসি বলেন, “ শুক্রবার রাতে ঘটনাটি শিশুটির পরিবার পুলিশকে মৌখিকভাবে অভিযোগ করে। পরে পুলিশ ঘটনার ব্যাপারে প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। মধ্যরাত থেকে শনিবার ভোররাত ৩ টা পর্যন্ত চালানো অভিযানের এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় অবস্থানের খবর পায় পুলিশ। পরে সেখানে একটি বাড়ীতে আত্মগোপন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। “
ঘটনায় ভুক্তভোগী পরিবার লিখিত এজাহার দায়ের করলে মামলা নথিভূক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান, মোহাম্মদ মনির হোসেন।






