নারায়ণগঞ্জ এর কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় ড্রেন নির্মাণকাজ যেন জনদুর্ভোগের আরেক নাম হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারদের চরম অব্যবস্থাপনা আর দায়সারা কাজের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন কাদার সাগরে পরিণত হয়েছে, যেখানে চলাচল করাই হয়ে উঠেছে এক ভয়াবহ চ্যালেঞ্জ।

স্থানীয়দের অভিযোগ, নরসিংপুর স্কুল থেকে বকুলতলা পর্যন্ত কাজ শেষ করার পর বর্তমানে গেদ্দার বাজার এলাকায় ড্রেন খনন চলছে। কিন্তু পরিকল্পনাহীন খননকাজে বাজারের তিন রাস্তার মোড় কেটে ফেলার ফলে মোল্লা বাড়ি ও কাউয়া পাড়া সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে শান্তিনগর ও আলী পাড়া হয়ে বাজারে প্রবেশের পথও বন্ধ থাকায় পুরো এলাকা কার্যত অচল হয়ে পড়েছে।
সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে সড়কের ওপর ফেলে রাখা ড্রেনের ময়লা। ভেকু দিয়ে তোলা কাদা ও বর্জ্য রাস্তার ওপর স্তূপ করে রাখায় পথচারীদের হাঁটা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই সড়ক ব্যবহার করলেও তাদের দুর্ভোগের দিকে যেন কারও নজর নেই।
চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় দিন পার করছে।
গত চার দিন ধরে রাস্তাজুড়ে জমে থাকা কাদা বৃষ্টির পানিতে আরও পিচ্ছিল হয়ে পড়েছে। এতে নারী, শিশু ও বয়স্কসহ বহু মানুষ পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর দাবি, বারবার অভিযোগ জানিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বরং অব্যবস্থাপনার মধ্যেই চলছে নির্মাণকাজ, যা জনদুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে।
দ্রুত সড়ক থেকে ড্রেনের ময়লা অপসারণ, বিকল্প চলাচলের ব্যবস্থা এবং সুশৃঙ্খলভাবে নির্মাণকাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাঘব করা হোক। অন্যথায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।




