নারায়ণগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন। তিনি বলেন, “ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ এখন হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে সীমা ছাড়িয়ে গেছে। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছে।”
বুধবার (৮ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায় প্রভাতী সংসদ আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে তরিকুল সুজন এ মন্তব্য করেন। কর্মসূচিতে এলাকায় জনসচেতনতা বৃদ্ধির জন্য কীটনাশক ছিটানো হয়।
তরিকুল সুজন বলেন, “শুধু ফগার মেশিন বা কীটনাশক দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদের সচেতন হতে হবে, বাড়ির আঙিনা, ড্রেন, পরিত্যক্ত জমি ও ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। এগুলোই মশার প্রজননক্ষেত্র।”
তিনি সিটি করপোরেশনকে দ্রুত এবং সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী সংহতি জেলা কমিটির সম্পাদক পপি রানী সরকার, ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, সমাজসেবক ইমরান আহমেদ, সাবেক ফুটবলার মন্টু সাহা,বরুণ মুখার্জি,আরিফুল হক জুম্মন,সাদ্দাম হোসেন রিগান, সুমন সাহা, কাজী লিটুসহ আরও অনেকে।








