জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে তিনি বলেন, ‘আমি কোনও দলের সঙ্গে থাকছি না।’
পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল।’
এদিকে এনসিপির একটি সূত্র তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া তাসনিম জারা স্বামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও দল থেকে পদত্যাগ করবেন বলে গুঞ্জন রয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
জানা গেছে, এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশ জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুমসহ কয়েকজন তাদের ক্ষোভ দলকে জানিয়েছেন।








