ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ শাহাদাৎসহ একটি টিম গতকাল ১৭ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার সাধুমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি ট্রাকে থাকা চোরাই ছয়টি গরুসহ চারজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ সেলিম মিয়া (৩৫), মোঃ তোজাম্মেল (৩৬), খালেক বিশ্বাস (৪০) এবং জিয়াউল খান (৩০)।
পুলিশ জানায়, উদ্ধার করা ছয়টি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা এবং ব্যবহৃত ট্রাকটির মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে চোরাই গরু লুট ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অপহরণ ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-৫৯ (তারিখ: ১৭/০১/২০২৬ খ্রি.) পেনাল কোডের ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, গতকাল ১৭ জানুয়ারি ঢাকা জেলা ডিবি (উত্তর) পৃথক তিনটি অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬ গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








