তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। তারেক রহমানের উপস্থিতিতেই চিকিৎসকরা খালেদা জিয়াকে আজ মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। এসময় তাকে বিষন্ন দেখা যায়। গাড়ির সামনের সিটে বসে তিনি বিমর্ষভাবে হাসপাতাল ত্যাগ করেন।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় নেতাকর্মীদের বিমর্ষ দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, দলটির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটকের সামনে এসে ভিড় জমাচ্ছেন। অনেক নেতাকর্মী মাটিতে লুটিয়ে কান্না করছেন। অনেকে আবার একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। বেগম খালেদা জিয়ার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির নেতাকর্মীরা। তাদের আহাজারি ও বিলাপে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে হাসপাতালের সামনে।







