নারায়ণগঞ্জ । মঙ্গলবার
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

দিনাজপুর সদরের দশ মাইল এলাকায় গম গবেষণা কেন্দ্রের সামনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত মোট ৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে দিনাজপুর–দশমাইল মহাসড়কের নশিপুর এলাকায়, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশায় থাকা নিহতরা সবাই একই পরিবারের সদস্য। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন—মর্জিনা বেগম (৫০), নানি, স্ত্রী: ইয়াকুব আলী, বাড়ি: খানপুর, দিনাজপুর সদর। সারজিনা বেগম (৪০), স্ত্রী: আব্দুস সালাম, একই গ্রামের বাসিন্দা। সাদিয়া বেগম (১৫), সারজিনার মেয়ে। অজ্ঞাত পরিচয় এক শিশু (১১)।

আহত মকবুল ইসলাম জানান, স্ত্রী, মা, সন্তানেরা ও নাতি–নাতনিদের নিয়ে মোট নয়জন অটোরিকশায় দিনাজপুর সদর থেকে কান্তনগর মেলা দেখার উদ্দেশ্যে রওনা হন। পথে দশ মাইল গম গবেষণা কেন্দ্রের সামনে নাসির পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাতি বর্তমানে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এবং অবস্থাও গুরুতর।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান জানান, দুপুর ২টা ২২ মিনিটে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে যাওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের সকলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আলমগীর জানান, পঞ্চগড় থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস কান্তজিউ মেলায় যাওয়ার পথে থাকা একটি অটোরিকশার সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর বাসটি অটোরিকশাটিকে যাত্রীসহ টেনে প্রায় একশ গজ সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় দু’জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকে পড়ে এবং দূরপাল্লার যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুজ্জামান ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >